মিষ্টি রোদে প্রকৃতিবান্ধব জীবন চর্চার তাগিদ

১৪ ডিসেম্বর, ২০২০ ১৭:১২  
খোলা মাঠে সকালের মিষ্টি রোদে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে পরিবেশ বান্ধব এক ব্যতিক্রমী অনুষ্ঠানে অংশ নিয়েছে দেড়শ শিক্ষার্থী, আয়োজন করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। সবার মুখে মাস্ক, সরাসরি সূর্যের আলো থেকে ভিটামিন ডি গ্রহণ এবং পরস্পর নিরাপদ দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে অংশগ্রহণ, সবমিলে অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে অতিদ্রুত আকর্ষণীয় ও জনপ্রিয় হয়ে ওঠে এ অনুষ্ঠান। শিক্ষার্থীদের এ সমাবেশে স্বাস্থ্যবিধি রক্ষায় প্রকৃতিবান্ধব জীবনধারা গ্রহণ, ফাস্টফুড-জাঙ্কফুড বর্জন, শাক-সবজি, সরষের তেল, মধু ও কালোজিরাসহ প্রাকৃতিক খাবার গ্রহণ, নিয়মিত শরীর চর্চা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্ভুদ্ধ করেছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক। সোমবার আগারগাঁওস্থ শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “শিক্ষার্থীরা মোবাইল আসক্তি পরিহার করবে, প্রতিদিন উন্মুক্ত স্থানে সূর্যের আলোয় স্নাত হবে, অনলাইনে পড়াশুনা অব্যাহত রাখবে, বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা করবে, পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং নৈতিক জীবন মেনে চলবে, তবেই বাংলাদেশকে তারা গড়তে পারবে এবং মেধাবী জনসম্পদে পরিণত হবে। “ বায়ু দূষণ থেকে সুরক্ষা এবং কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলা” শীর্ষক এ বিজ্ঞান বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।